blogger widgets

Sunday, 23 February 2014

একটি চুমুর জন্য

একটি চুমুর জন্য
একটা সময় আমি,
অনেক বেশী তৃষিত ছিলাম।
বড় বেশী আকাংখিত এক চুমুর প্রতিক্ষায়
সকাল দুপুর পার করে দিয়েছি
ভাবনার সমুদ্রে।

আপন বাহূতে এঁকেছি চুমু
নিজ ঠোঁটে,
চুমুর স্বাদ ছিলো না তাতে
ছিলো এক রাশ অনুভূতি।
কামনায় ছিলো একজন মানুষ
আর এক জোড়া ঠোঁট।
যে ঠোঁটে মেলাবো আমার ঠোঁট।

ঠোঁটে ঠোঁট রাখার সুযোগ
অবশেষে এলো এমনি এক শীতের রাতে
মন চাইছিলো চুমু
যে চুমু নিয়ে আমরা মুঠোফোনে
কথা বলেছি ঘন্টার পর ঘন্টা।
সেই চুমু এলো
বড় বেশী আকাংখিত চুমু।




ঠোঁটে আমার সাহারার উত্তাপ
বুকে সুনামী দেহে ভূমিকম্প
থর থর করে কেঁপেছি আমি
তুমি ভাবতে পারো নাটক
তবে সত্যি ছিলো সেই কাঁপুনি
নিয়ন্ত্রণ হারিয়ে কেঁপেছিলাম
আশ্চর্য্য এক অনুভূতিতে।
তুমি ভয় পেয়ে
জাপটে ধরেছিলে আমায়।

একসময় কাঁপন থামে
অনুভূতি ক্লান্ত হয়
রক্তে আবার জোয়ার আসে
আমাদের দুটি ঠোঁট সারা রাত এক হয়ে ছিলো
সেই রাতে।

এই জগতের চেনা সুরে
তুমি হারিয়ে গেছো পরের অন্তরায়,
তোমাকে আমি হারাতে চাইনি
কিন্তু তুমি চেয়েছিলে হারাতে
তাই ধরে রাখতে পারিনি।
নিরবে ফেলেছি চোখের জল
একটি ভূল মানুষের জন্য।
এখন আমার পাশে অনেক ঠোঁট
আমি চাইলেই চুমু আঁকতে পারি
ঠোঁটের তুলিতে।
কিন্তু ভালোবাসাহীন ঠোঁটে আর চুমু আঁকিনা আমি
সেই উত্তপ্ত ঠোঁট আজ বড় বেশী ঠান্ডা

মৃতের শীতলতা আজ সেই কমলা কোয়া ঠোঁটের গায়ে। 

শিরোনাম বিহীন ভালোবাসার গল্প

শুরুটা কিভাবে করব বুঝতে পারছিনা। যা বলব তা হয়ত বেমানান। হয়ত এতে আমার ভালবাসা প্রশ্নবিদ্ধ হবে চতুর্দিক থেকে। এটা একটা বেনামী সম্পর্কের কাহিনী। যাতে ভালবাসা আছে, বন্ধুত্ব আছে, দাবী আছে, অধিকার আছে, কিন্তু কোন নাম নেই। 

আমি অর্ণব। এখন একটা প্রাইভেট ফার্মে চাকরি করি। ঘটনাটা আমার ভার্সিটি লাইফের। তখন আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। প্রাণচঞ্চল যুবা। পড়াশুনা, গান, থিয়েটার, বন্ধু আর আড্ডা। এই আমার দুনিয়া। সমপ্রেমি হিসেবে ফেসবুকে নাম লিখিয়েছিলাম বছর দুয়েক আগে। শুরুতে বেশ আবেগী ছিলাম। একা তো। তাই কেউ একটু ভালভাবে কথা বললে অল্পতেই তাকে খুব আপন বলে মনে হত। ফেসবুক থেকে একটা সম্পর্কেও জড়িয়ে ছিলাম তখন। কিন্তু মাস খানেক পরেই তা ভেঙ্গে যায়। খুব বিষণ্ণতায় ছিলাম তখন। আমার সরল মনটা ভেঙ্গে টুকরো টুকরো হয় গিয়েছিল। তারপর থেকে এসব ফেসবুকীয় সম্পর্কে আর বিশ্বাস ছিলনা আমার। সবার সাথে শুধু ফ্লার্ট করে বেড়িয়েছি সেই থেকে। তবে মানুষ তো বদলায় একদিন। আর সেটা নিজেকে দেখেই জেনেছি। সময় আর পরিস্থিতি আমাকে এক সময় আবেগহীন করে তুলেছিল। তবে মানুষ যতই আবেগহীন হোক না কেন, সত্যিকারের ভালবাসা বা মধুর সম্পর্কের কাছে সে হার মানবেই। হতে পারে তা ভালবাসার সম্পর্ক বা বন্ধুত্বের। মোটকথা যে সম্পর্ক গুলা মানুষকে সুখী করতে পারে, মানুষ চিরকাল সেই সম্পর্কের ছায়াতলেই বাচতে চায়।

ভার্চুয়াল জগতে আমার অনেক বন্ধু। একাকীত্বকে ঘোচাতে এর চেয়ে ভাল বন্ধু আর কিছুই নেই। সেদিন সকালে ফেসবুকে ঢুকেই একটা স্ট্যাটাস দিলাম। তারপর আরও বন্ধু বাড়ানোর জন্য যেইনা কতগুলো ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছি, অমনি ফেসবুক আমায় জানাল আমাকে ব্লক করা হয়েছে। আর এটা খুলতে কিছু ছবির পরিচয় দিতে হবে। মেজাজটাই গরম হয়ে গেল আমার। ঘণ্টা খানেক চেষ্টা করার পরেও সফল হলাম না। খুব খারাপ লাগছিল। কারণ এই একাউন্ট থেকে অনেক কিছু পেয়েছি। কিছু ভাল মানুষ, কিছু ভাল ভাই-বন্ধু। কিন্তু একাউন্টটা হারালে সব হারাব আমি। এই জগতের মানুষ খুব সহজেই সবাইকে আপন করে নিতে পারে। টি এতগুলো আপনজন হারানোর দুঃখ এবং ভয় দুটোই আমার বেশি। 

মন খারাপ নিয়েই ভার্সিটিতে গেলাম। ফিরে এসে আবারো ট্রাই করতে লাগলাম। আর কাকতালীয় ভাবে এবারের চেষ্টায়ই সফল হলাম। শেষ পর্যন্ত একাউন্টটা উদ্ধার করতে পেরেছি। ফটো ভ্যারিফিকেশন করার সময় এক মায়াভরা মুখ আমার নজর কাড়ল। আর আমার গল্পের শুরুটা এখান থেকেই। 

ছবর মুখখানা বেশ মায়া ভরা গম্ভীরতা নিয়ে তাকিয়ে আছে। চোখ দুটো কিছু বলতে চাইছে, কিন্তু পারছে না। মুখটা খুব চেনা চেনা লাগছিল। কোথায় যেন দেখেছি, মনে পড়ছে না। ফ্রেন্ড-লিস্ট ঘেঁটে দেখলাম ছেলেটা আমার আইডিতে এড হয়েছে আরো ৯ মাস আগে। কিন্তু কখনো হাই, হ্যালো বলা হয়নি। ছেলেটাকে নক করলাম।
-hi
-Hello
-তুমিতো আমার জন্য লাকি। তোমার ছবিটা ভ্যারিফাই করেই আইডিটা ফেরত পেলাম। 
-ওহ তাই! যাই হোক আমার সাথে ফ্লার্ট করে লাভ নাই। আমি বুকড!
-আরে না না। ফ্লার্ট করিনি। তোমার সাথে কখনো কথা হয়নি তো তাই। 

কথায় কথায় জানলাম তার নাম জেন... অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট। পড়ে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে। একজনের সাথে তার সম্পর্ক আছে। আর তাকে সে অনেক ভালবাসে। প্রথম দিনেই মন খুলে কথা বলল ছেলেটা। প্রথম দিনে তার শেষ কথা ছিল “তুমি খুব ভাল মানুষ। এমনই থেক।” সত্যি খুব ভাল লাগছিল আমার। ওই শেষ কথার রেষ যেন কান থেকে ফুরাচ্ছিলই না আমার। 

সময় যেতে থাকল। প্রতিদিন নিয়ম করে আমাদের কথা হত। অল্প সময়েই খুব ভাল বন্ধু হয়ে গেলাম আমরা। আমার খজ খবর, তার প্রতিদিনের কাজ কর্ম, তার সম্পর্ক। এই গুলো নিয়েই বেশি কথা হত। ধীরে ধীরে তুমি থেকে তুই হলাম আমরা। বেশ চলছিল আমাদের। মাঝে মাঝে ফোনে কথা হত। যদিও তাকে সামনা সামনি দেখিনি কিন্তু মনে হত তাকে আমি বেশ অনেক দিন ধরেই চিনি। একটা অন্য রকম টান অনুভব করতাম।

বন্ধু, হ্যাঁ সে আমার খুব ভাল বন্ধু। মাঝে মাঝে আমরা জান, জানু এসব মজা করে ডাকাডাকি করতাম। একে অপরকে I Love You বলেছি অনেকবার। কারণ বন্ধুত্বের তো সীমা নেই কোন। আর সেটা যে পুরোপুরি মজা করেই বলা তা দুজনেই জানি। কিন্তু নিছক তামাশা হলেও কথা গুলো মন থেকেই বলতাম। বুঝতে দেইনি কখনো তা। জেনকে ধীরে ধীরে অবচেতন মনেই ভালবেসে ফেলেছি আমি। কিন্তু এটা কেন আর কিভাবে হল বুঝলাম না। জেন তো অন্য কাউকে ভালবাসে। আমি নিজেই নিজেকে এমন ভাবার জন্য দায়ী করলাম। আর জেনকে এড়িয়ে যেতে থাকলাম। কিন্তু দেখলাম এতে হিতে বিপরীত হচ্ছে। ওর প্রতি টানটা আরো বেড়ে যাচ্ছে আমার। তবে মুখ ফুটে আমার মনের কথা জানালে নির্ঘাত জেনকে হারাবো। তার চেয়ে চুপচাপ থাকাই বুদ্ধিমানের কাজ। এর মাঝে একদিন জেন আমায় বলল,
-আচ্ছা অর্ণব, আমার মনে হয় আমি তোকে ভালবেসে ফেলেছি।
-তাই নাকি! এতো সৌভাগ্য আমার!
-আরে... Be serious…
-হহাহাহা... শোন, ওটা মনে মোহ ছাড়া আর কিছুই না। 
-কি জানি। হলেই ভাল। কিন্তু কেন জানি মনে হয় তোকে আমি ভালবেসে ফেলেছি। আচ্ছা আমার বিএফ কে কি আমি আর আগের মত ভালবাসি না? বাসলে তো আর তোকে আমার ভাল লাগত না। 
-উফ! জেন, বললাম না এটা তোর ভালোলাগা। ভাল লাগতেই পারে কাউকে। It’s not a big deal. কিছুদিন পর আপনা আপনিই ঠিক হয়ে যাবে। 

এদিকে জেনের মন থেকে মোহ সরাতে গিয়ে আমি ভাবলাম, একটা সম্পর্কে জড়ানো উচিত আমার। নিজের নিয়ম ভেঙ্গে একজনের সাথে সম্পর্ক করলাম। কিন্তু পারিনি তাকে জেনের মত করে ভালবাসতে। সবাই বলে প্রথম ভালবাসা সবচেয়ে আলাদা। তবে আমার মনে হয় সত্যিকারের ভালবাসাই সবচেয়ে আলাদা। আর সেটা জীবনের ৭ নাম্বার ভালবাসাও হতে পারে। কি কারণে জেনকে ভালবাসি জানিনা। শুধু জানি ভালবাসি। আমার নতুন সম্পর্কের কথাটা ইচ্ছে করেই লুকিয়ে রেখেছিলাম।

এভাবে আরো কয়েক মাস কেটে গেল। এর মাঝে জেন জানালো তার বিএফের সাথে নাকি ইদানীং খুব বোঝাপড়ার সমস্যা হয়। এটা শুনে মনে মনে বেজায় খুশি হলাম আমি। এবার ভাবলাম, এতে আমার কি? আমিও তো এখন একজনের সাথে সম্পর্কে আছি। আমার মনকে আমি নিজেই বুঝিনা। কখন যে কি চায়। এত উরু মনের মানুষদের প্রেম সম্পর্কে না জড়ানোই ভাল। সেদিন রাতে জেনের সাথে চ্যাট হল অনেকক্ষণ। কখন যে ঘুমিয়ে গেছি টের পাইনি। হঠাৎ ফোনে চোখ বুলাতেই দেখলাম, জেনের ৯টা মিসড কল। তাড়াতাড়ি কল ব্যাক করলাম। রিং বাজতে না বাজতেই রিসিভ করে জেন বলল,
-কিরে থাকিস কই তুই? ফোন ধরিস না কেন?
-ফোনটা সাইলেন্ট ছিল তাই। 
-জানিস আমি কাল রাতেই ঢাকা আসছি। 
-সত্যি! কই আগে তো বললি না এ কথা।
-তাতে কি, এইতো এখন বললাম। যাই হোক তোর ঠিকানা দে আমি দেখা করব।
-আরে ঢাকা ভার্সিটির হলে আসতে ঠিকানা লাগে নাকি?
-হাহাহা... ওকে আমি বিকেলের ভার্সিটিতে গিয়ে তোকে ফোন করব। 
-ঠিক আছে।

আজ জেনের সাথে দেখা হবে ভাবতেই আমার দারুণ লাগছে। বিকেল ৪টা ১৫তে জেনের কল পেলাম। ও কার্জন হলের সামনে দাড়িয়ে। তড়িঘড়ি করে ছুটে গিয়ে দেখা করলাম। সামনা সামনি ওকে দেখে কি করব বুঝতে পারছিলাম না। কথায় কথায় জানলাম ও এখানে ওর খালাতো বোনের বিয়েতে এসেছে। থাকবে কিছুদিন ঢাকায়। সেদিন অনেক গল্প গুজব করলাম আমরা। তারপর প্রতিদিন প্রায় ৪ ঘণ্টার মত একসাথে ঘুরে ফিরে সময় কাটাতাম। পুরো ঢাকা চষে বেড়িয়েছি দুজনে। যাওয়ার আগের দিন, মানে শেষের দিন ও খুব আবেগ নিয়ে কথা বলছিল। আমার ভালও লাগছিল, আবার অস্বস্তিও লাগছিল। কারণ আমাদের দুজনেরই বিশেষ কেউ আছে। আর তার পরেও এগুলো ভাবা অন্যায়। দুজনে ধানমন্ডি লেকে দাঁড়িয়ে গোধূলি উপভোগ করছিলাম। জেন এমন সময় আমার হাতটা শক্ত করে ধরে বলল, -অর্ণব I Love you. 
আমি হেসে উড়িয়ে দিয়ে বললাম, -এটা বলিস না। তোর বিএফ শুনলে তোকে কিন্তু ছাড়বেনা।
-সে আর নেই রে...
-নেই মানে? কি হয়েছে জেন? সব ঠিক আছে তো?
-কিচ্ছু ঠিক নেই। আমাদের ব্রেকাপ হয়ে গেছে। 
-কিন্তু কেন? 
-আমি জানিনা। হুট করে একদিন আমায় বলল আমাকে আর তার ভাল লাগেনা। সে আর আমার সাথে থাকতে চায়না।
-ওটুকু পিচ্চি তোকে এত বড় কথা বলল আর তুই দাড়িয়ে দাড়িয়ে শুনলি?
-আসলে একটা সময় তো তাকে ভালবাসতাম, তাই তার অসম্মান করি কিভাবে? আর কেন জানি আমাদের সম্পর্কে আমিও খুশি ছিলাম না। তোকে দেখার পর থেকে অনেক বুঝিয়েছি নিজেকে যে এটা হবার নয়। কিন্তু এই মন মানেনি। i love you. I really love u…
-জেন তোকে আমিও অনেক ভালবাসি। এটা হয়ত বলতাম, কিন্তু সে অধিকার আমার নেই। আমি এই মুহুর্তে কারো সাথে সম্পর্কে আছি। আমি চাইলেও তোর ভালবাসা আর নিতে পারব না। 
-হয়ত এই ছিল নিয়তি! তবে তোকে আমি অনেক ভালবাসি আর বাসবো। কতটা ভালবাসি তোকে তা বলে বোঝাতে পারবনা। 
-আমার দুর্ভাগ্য জেন, আমি দুহাতে ওটা মাখতে পারলাম না।
-ধুর বোকা দুর্ভাগ্য বলছিস কেন? তোকে পাই বা না পাই, আমি জীবনের শেষ দিন অব্দি তোকে ভালবাসবো। জানিস অর্ণব? শুনেছি আমাদের সমপ্রেমিদের শেষ দিনগুলো নাকি একলা একার। আমার সেই একলা দিনগুলোর সাথী হয়ে সেদিন থাকবি তুই পাশে? বন্ধুই থাকি আমরা। তথাকথিত প্রেমিক যুগল নাহয় নাইবা হলাম আমরা। ভাল বন্ধু হব শেষ দিনগুলোর।

আমি কিছু বলতে পারছিলাম না, চোখ দিয়ে পানি পরছিল। কেউ কাউকে কতটা ভালবাসলে এমন ভাবে বলতে পারে। সত্যি আফসোস লাগছিল জেনকে মনের মত করে না পেয়ে। কিন্তু কি আর করব? কারো সম্পর্কের সুতোয় যে বাধা পরেছি আমি। তাকে কষ্ট দিয়ে জেনের কাছে যেতে আমার বিবেক, আমার মনুষ্যত্ব বাধা দিচ্ছে আমায়। তাই আমি চাইলেও আমার হাত পা বাধা। তবে জেনের কথাই থাক। আমরা বন্ধু, প্রানের বন্ধু। যাদের দুটি দেহ একটি আত্মা। দুজনে ভালবাসি দুজনকে। কিন্তু প্রকাশ করবনা। মনে মনে দুজন দুজনের হাত ধরে চলে গেছি অনেক দূরে। কিন্তু কেউ কাউকে টের পেতে দেইনি। এতটা ভালবাসা আমাদের। সব জমা রাখছি ওই বুড়ো বয়সের দিনগুলোর জন্য। যখন দুজন দুজনের চামড়া ভাজ পড়া হাতে হাত রাখব। এই বুড়ো এই বুড়ো দুজন দুজনকে ডাকবো। কেউ কারো কাঁধে চড়ে ঘুরে বেরাতে পারবনা। কিন্তু কাঁধে হাত রেখে হাঁটতে পারব। সেদিনের জন্য আমাদের সব ভালবাসা। 

কি আজব আমার প্রেমের গল্প তাইনা? ফেসবুকে ফটো ভ্যারিফাই করতে গিয়ে জেনকে দেখলাম। যখন মনে মনে তাকে ভালবাসতাম তখন সে অন্য কারো... আর যখন প্রকাশ্যে সে তার ভালবাসার ঝুলি আমাকে দিল, তখন আমার দুহাত বাধা... নিয়তি আমাদের নিয়ে অদ্ভুত এক খেলা খেলেছিল। আর সেই থেকেই ওই খেলার পুতুল হয়ে আছি আমরা... জানিনা আমার আর জেনের ভবিষ্যৎ কি... যৌবনে তো অনেক প্রেম পায় মানুষ। আমার প্রেমটা থাকনা তোলা জীবনের শেষ দিন গুলোর জন্য... আপাতত এ সম্পর্কের কোন নাম দিতে পারলাম না। তবে টিকে থাক এই সম্পর্ক। আমাদের এই বেনামী সম্পর্ক...

অন্তহীন প্রতীক্ষা

• ০১ 
ফেব্রুয়ারী ১৫, ২০১১

ব্যাংকের চাকরি যারা করে, তাদেরকে মানুষ না বলে কলুর বলদ বলাটাই বোধহয় যুক্তিসঙ্গত। অন্তত আমার তাই মনে হয়। সকাল সাড়ে ৯টায় ব্যাংকে ঢোকো, আর বের হও সেই সন্ধ্যা সাড়ে ৭টায়। তাও ভালো ইন্টার্নশিপ! তিন মাস পরেই রক্ষা পাবো এই যন্ত্রণা থেকে। ম্যানেজার হারামজাদাটাকে দুইদিন ধরে বলে আসছি যে আজকে আমার একটু ভার্সিটি যেতে হবে একটা কাজে। সামনের মাসে কনভোকেশন। ফর্ম ফিলআপ, টাকা জমা দেয়া, অনেক কাজ বাকি। কিন্তু আজ বের হওয়ার আগেই আমার সামনে এক পাহাড় উঁচু কতোগুলো ফাইল দিয়ে হারামিটা বলল, 
- দেখো তো রাদিয়ান, নতুন খোলা একাউণ্টগুলার পোস্টিং ঠিক মতো আছে কিনা!
- কিন্তু স্যার, আমি তো আপনাকে বলেছিলাম আজ একটু ভার্সিটি যাবো। কনভোকেশনের কাজ করতে।
- তাহলে ভার্সিটিতেই ইন্টার্নশিপ করতা! এখানে আসছো কেন? যত্তসব ফাঁকিবাজ।
এই মইনুল, সামনের মাস থেকে আর কাউরে ইন্টার্নশিপ করার চান্স দিবা না। সব কয়টা ফাঁকিবাজ। কাজ তো কিছু পারেই না। শিখার ইচ্ছাটাও নাই।
এমনিতেই রাতে আব্বার সাথে কথা কাটাকাটি হয়েছে, তার উপর আজকে আবার এই হারামজাদার গাল শুনতে হলো। রাগে দুঃখে চোখে পানি এসে গেল। অনেক কষ্টে সামলালাম! 

অফিস থেকে বের হয়ে মেজাজটা সপ্তমে চড়লো। একটা সি এন জি ও যেতে চায় না বসুন্ধরার দিকে। চাইলেও ভাড়া চায় ৪০০ টাকা। রাগে নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করছে। শেষে ৩৫০ টাকায় রাজি হলো এক মামা। বলল, “আসেন, নিয়া যাই, বিপদে পড়ছেন যখন!” অনেক বড় একটা দয়া করলো যেন আমার উপর। 
নর্থসাউথের সামনে পৌঁছাতে পৌঁছাতে একটা বেজে গেল। লাঞ্চ আওয়ার শুরু। মেজাজটা আরো চড়ে গেল। অফিস খুলবে আবার সেই ২ টা বাজে। এক ঘণ্টা এখন বসে বসে ভেরেন্ডা ভাজো! ভার্সিটি ঢুকে দেখি কি একটা এক্সিবিশন হচ্ছে আর্কিটেক্টদের। মনটা একটু শান্ত হলো। আর্কিটেকচারের উপর আমার আগ্রহ অনেক দিনের। দেশি আর্কিটেক্টদের সাথে কিছু বিদেশি আর্কিটেক্টও এসেছে এক্সিবিশনে। হঠাত একজনকে দেখে চোখ আটকে গেল। ৬ ফিট লম্বা, বা তার চেয়ে ২/১ ইঞ্চি বেশি হবে! ব্লন্ড আমেরিকানরা যেমন হয় আর কি! চোখ আর চুলগুলো বাদামি। নজর সরাতে পারছিলাম না লোকটার থেকে। এগিয়ে গেলাম। কাছে যেতেই লোকটা মিষ্টি একটা হাসি উপহার দিলো। বলল,
- Hello! 
- Hi… Is it your work?
- Yah! Are you a student of Architecture in this Uni?
- O no! I wish, I could be. I had a strong desire for studying architecture, but I didn’t get chance. I have completed my graduation on business administration.You know, B.B.A? 
- Yah, I know. 
- But still I have fascination for architectural structures.
- Oh really? That sounds good!
- Why don’t you describe me your model?
- Sure, why not!

লোকটা একের পর এক বুঝাতে লাগলো কিভাবে সে environment friendly বাড়ি বানিয়েছে। হু, হা করলাম, যেন অনেক কিছু বুঝছি। আসলে আমি মন্ত্রমুগ্ধের মতো শুনতে লাগলাম ও কি বলে। কথার মাঝে কি সুন্দর নিষ্পাপ একটা হাসি দেয় না! আমি পুরোই হা করে শুনতে লাগলাম ওর কথা। শেষে জানতে চাইলো, 
- You like it?
- Yah! Of course! When I will have lots of money, I will build my house on your model, be sure.
- Ha ha ha! Yah! It’s a bit costly.
- Hey, why don’t you come with me to have a look of our campus?
- Why not? Let’s go.
- Your model?
- Forget that! It’s too costly to be realized. No one is interested. 
- Ha ha ha! Let’s go.

নর্থসাউথের ক্যাম্পাসটা ভালই বড়! কিন্তু কেন যেন খুব ছোট মনে হলো আমার কাছে, আধ ঘন্টায়ই পুরো ক্যাম্পাস ঘুরিয়ে দেখানো শেষ হয়ে গেলো। Josh’ র সাথে হাঁটতে, কথা বলতে এতো যে ভালো লাগছিল বলে বুঝাতে পারবো না। জানলাম ওর নাম Peter Joshua Anderson. Josh বলেই ডাকে সবাই। খুব ইচ্ছা করছিলো ফোন নাম্বারটা চাইতে, কিন্তু চক্ষুলজ্জার ভয়ে আর চাইলাম না। ইমেইল এড্রেস আদান প্রদান হলো আমাদের মাঝে। আমি তাতেই খুশি।

সেই আমার Josh’ র সাথে প্রথম আর শেষ দেখা। প্রথম দেখাতে তো কতজনকেই ভালো লাগে, আর Josh থাকেও কোস্টারিকায়। তাই আর যোগাযোগ হবে না ভেবে আস্তে আস্তে ওকে মন থেকে মুছে ফেলতে চাইলাম। ভাবলাম Josh চ্যাপ্টারটা এখানেই শেষ আমার জীবনে।

কিন্তু না। অবাক হলাম যখন দেখি তিনদিন পর Josh’র একটা মেইল এলো। আমি ও রিপ্লাই দিলাম। এভাবেই কথা চলতে থাকলো আমাদের মাঝে। সবকিছু শেয়ার করতাম আমরা। আমি কি করলাম সারাদিন, ও কি করলো, আমার অফিসের ম্যানেজার হারামজাদাটার বদনাম, ওর কুকুর দুটো সেদিন খায়নি বলে তার মন খারাপ, এগুলোই ছিল আমাদের মেইল চ্যাটের টপিক। কয়েকদিন পর বুঝতে পারলাম সন্ধ্যায় অফিস থেকে ফিরে প্রথম কাজটিই আমার হয়ে দাঁড়িয়েছে মেইল চেক করা, Josh’ র মেইল এলো কিনা! ও কোনদিন মেইল দিতে ভুলতো না, আর আমিও ভুলতাম না রিপ্লাই দিতে। একদিন সন্ধ্যায় দেখি Josh আমার রিপ্লাই পাওয়ার সাথে সাথেই একটা মেইল করলো। “Do you have cam? Can I see you? Can we chat in yahoo messenger?” আমি অবাক আর খুশি একসাথে হলাম যেন। এ তো দেখি মেঘ না চাইতেই জল! ব্যাস সেই থেকে শুরু আমাদের কথোপকথনের নতুন অধ্যায়। একজন আরেকজনকে দেখে দেখে কথা বলা। মনে হতো যেন Josh আমার সামনেই বসে আছে।

প্রায় প্রতিদিনই Josh আমাকে দেখতে চাইতো। একদিন আমি জিজ্ঞেস করেই বসলাম, “why do you want to see me daily?” যে উত্তরটা পেলাম তা আমার সারাজীবন মনে থাকবে। “I just want to make sure that you are real, not my imagination” Josh খুব সহজ কথায় আমাকে বুঝিয়ে দিল তার পছন্দের কথা। সেদিনই বলে বসলো, “can we be boyfriends?” আমি হথাত করেই হকচকিয়ে গেলাম। কি বলব ঠিক বুঝে উঠতে পারলাম না। শুধু বললাম, “how can that be possible? You live far away from me.” Josh শুধু বলল, “Ya! it can be difficult, but not impossible. If both of us want, it is possible.” আমি তখনি কিছু বললাম না। সময় নিলাম। ঠিক করলাম আমরা আমাদের যোগাযোগ চালিয়ে যাবো, প্রতিদিন চ্যাট করবো, যাতে করে একজন আরেকজনকে ভালো ভাবে জানতে পারি। 

আস্তে আস্তে বুঝতে পারলাম Josh আমার ব্যাপারে কতোটা সিরিয়াস, আর কতোটা বিশ্বস্ত সে। আমি Josh’ র প্রতি দূর্বল হতে শুরু করি। এর মধ্যে একদিন Josh ক্যাম্পিং এ গেলো ৩ দিনের জন্য। যেখানে গেলো, সেখানে আবার নেট কানেকশন পাওয়া যায় না। তিনটা দিন যেন তিন মাসের মতো দীর্ঘ মনে হলো আমার কাছে। আমি বুঝে গেলাম Joshকে ছাড়া আমার চলবে না। 
তিনদিন পর Josh আবার অনলাইনে এলো, আমি যেন প্রাণ ফিরে ফেলাম দেহে। কাল বিলম্ব না করে হুট করে বলে ফেল্লাম,
- “I Love You!”
- “Really! Are you sure? What makes you decide it suddenly?” Josh কিছুটা অবাক হয়েই জানতে চাইলো। 
- “In these three days I missed you soooo much that I can’t explain!” একদমে বলে ফেললাম।
- “Really?”
- “Yes”
- “ I Love You too my luv!” 

সেই থেকে আজ অব্দি Josh আমাকে “My Luv” বলেই ডাকে। আর আমি প্রতিনিয়ত স্বপ্নের জাল বুনতে থাকি এক ভিনদেশি মানুষের জন্য। প্রতিদিন আমাদের দুইবার চ্যাট হয়। বাংলাদেশি সময় সকাল ৬ টায়ঃ যখন আমি ঘুম থেকে উঠি আর ও অফিস থেকে সন্ধ্যায় বাসায় ফেরে, আর সন্ধ্যা ৬ টায়ঃ যখন আমি অফিস থেকে ফিরি আর ও কোস্টারিকায় ঘুম থেকে ওঠে। এভাবেই চলতে থাকে আমাদের প্রতিদিনকার কথোপকথন। 

• ০২

Josh আমার জীবনে প্রথম ভালোবাসা নয়। সত্যি বলতে কি, কৈশরের প্রথম ভালোবাসাকে উপেক্ষা করার মতো যোগ্যতা সৃষ্টিকর্তা কাউকে দেন না। আমাকেও দেননি। শুরুটা আদনানের পক্ষ থেকেই ছিল। স্কুলে আমাদের দু’জনেকে সবাই চিনতো। কিন্তু দু’জনকে দু’ভাবে। আমাকে ক্লাসের সেরা ছাত্র হিসেবে, আদনানকে সেরা বাউন্ডুলে হিসেবে। আমার মতো শান্তশিষ্ট ছেলেটাকে খুঁচিয়েই আদনান আনন্দ পেতো বেশি। এই এসে আমার গাল টিপে দিচ্ছে, না হয় পেটে চিমটি কেটে দিচ্ছে। একদিন তো আমার মেজাজটাই গরম করে দিল, রীতিমত ক্লাসে সবার সামনে কিস করে বসলো। আমি তো রেগেমেগে ফায়ার রীতিমত। কিন্তু কিস করেই দে ছুট। আর ক্লাস করলো না। এরপর একমাস ধরে আদনানের পাত্তা নেই। আমি মনে মনে একবার খুশি হচ্ছিলাম যে যাক, কেউ জ্বালাতে আসছে না, কিন্তু পরক্ষনেই মনে হচ্ছিল, কেন কেউ জ্বালাচ্ছে না? কেন এলো না আদনান ক্লাসে? 

এক মাস পর আদনান যখন এলো, জানতে চাইলাম কি ঘটনা, কেন আসেনি এই এক মাস। বলল, ওর বাবার ইলেকশানের জন্য ক্যানভাসিং করতে হয়েছে। আমি ওর খবর নিচ্ছি দেখে খুব খুশি হল আদনান। আর বিরক্ত করলো না সেদিন থেকে। খুব ভাল ব্যবহার করলো। কেন যেন সেদিন মনে হলো আদনান আমার খুব ভালো একটা বন্ধু হতে পারে। সেই থেকে শুরু। ভালো বন্ধু হয়ে গেলাম আমরা দুজন। বাবা চেয়ারম্যান থাকায় ক্লাস টেনে থাকতেই আদনানের কাছে মোবাইল ছিল। নাম্বার নিলাম। আমার যেহেতু মোবাইল ছিল না, বাসার মোবাইল থেকে ওকে কল দিতাম। আদনানও কল দিত মাঝে মাঝে। কথা শেষ করার আগে একদিন আদনান বলল, “আই লাভ ইউ”, ফাজলামি করেই। আমিও বললাম। বলেই দুজনের সে কি হাসি... এরপর ফোনে কথা বললেই আমাদের “আই লাভ ইউ” এর আদান প্রদান চলতো। এভাবেই আমাদের বন্ধুত্ব চলতে থাকলো। আদনান ডানপিটে থাকায় ছাত্র হিসেবে খুব খারাপ ছিল। তাই আমি ওকে প্রায়ই ম্যাথ আর ফিজিক্স বুঝিয়ে দিতাম। আমার বাসায় আসতো পড়া বুঝতে, আম্মুও ওকে প্রচন্ড আদর করতো। 

দেখতে দেখতে এস এস সি পরীক্ষা এলো, শেষও হলো। তারপর এলো রেজাল্টের দিন। রেজাল্ট দেখতে গেলাম। ভাবলাম স্কুলে গিয়েই আদনানের সাথে দেখা হবে। হলো না। রেজাল্ট দেখতে গিয়েই দেখি সবাই আমাকে অভিনন্দন জানাচ্ছে। আমি সেই দুই ছাত্রের একজন যারা পুরো স্কুল থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছে। খুশিতে আটখানা হয়ে বন্ধুদের কাছে জানতে চাইলাম আদনানকে দেখেছে কিনা। যা শুনলাম তার জন্য প্রস্তুত ছিলাম না। আদনান সেই দুজনের মধ্যে একজন যারা ফেল করেছে। কেন জানি চোখ দিয়ে দু’ফোটা পানি গড়িয়ে পড়লো। আদনানের মোবাইলে কল দিলাম, বন্ধ। অনেকবার চেষ্টা করেও পেলাম না আদনানকে। আমি ওর বাসাও চিনতাম না যে যেয়ে ওর একটা খবর নিয়ে আসবো। প্রতিদিন ওর মোবাইলে কল দেই, পাই না। কয়েকদিন পর মোবাইল খোলা পেলাম। কল দিলাম, কেটে দিল। প্রচন্ড রাগ হলো আমার। আর কল দিলাম না আদনানকে।
এর দুই মাস পর একটা অপরিচিত নাম্বার থেকে কল এলো বাসার ফোনে, আমার ফোন। আম্মুর থেকে ফোনটা নিয়ে হ্যালো বলতেই শুনতে পেলাম আদনানের কন্ঠস্বর। বললাম, “তোর সাথে আমার কোন কথা নেই। তুই আর আমাকে ফোন করবি না” আদনান বুঝলো আমি প্রচন্ড রেগে আছি, তাই আর কল দিল না এরপর থেকে। 

আমিও হারিয়ে ফেললাম আমার সবচেয়ে ভাল বন্ধুটিকে। কলেজে উঠেও তেমন কারো সাথে বন্ধুত্ব হলো না। খুব মিস করতাম আদনানকে। এটা যে বন্ধুত্বের চেয়ে বেশি কিছু ছিল তা টের পেলাম আরো পরে।
কলেজের গন্ডি পেরিয়ে চলে এলাম ঢাকায়, ভর্তি হলাম নর্থ সাউথে। একদিন হঠাত একটা অপরিচিত নাম্বার থেকে কল এলো। ততোদিনে অবশ্য আমার নিজের মোবাইল হয়েছে! ফোন ধরতেই শুনলাম সেই ভারী কন্ঠস্বর,
- হ্যালো রাদিয়ান, চিনতে পেরেছিস? আমি আদনান।
- আদনান? তুই? কই পেলি আমার নাম্বার? কেমন আছিস? কই তুই এখন?
- আমি নাম্বার বদলালেও তুই যে নাম্বার বদলানোর মানুষ না সেটা আমি খুব ভালো করেই জানতাম। তোর বাসার সেই নাম্বারটায় কল দিয়ে আন্টির থেকে তোর নাম্বারটা পেলাম। শুনলাম তুই নাকি ঢাকায় এসেছিস?
- এসেছি মানে? তুইও কি ঢাকায় নাকি?
- হুম। টোফেল করছি। বাইরে যাবো। আয় একদিন দেখা করি।
- ঠিক আছে, বল। কবে দেখা করবি?
- পরশুদিন

এভাবেই আবার গড়ে উঠতে লাগলো আমাদের ভেঙ্গে যাওয়া বন্ধুত্ব। প্রায়ই এক সাথে আড্ডা দিতাম, ঘুরতে যেতাম। স্মৃতিচারণ করতাম স্কুলের সেইসব দিনগুলির। একদিন ধানমন্ডি লেকে বসে আড্ডা দিচ্ছিলাম। আমি গল্পচ্ছলে জিজ্ঞেস করে বসলাম,
- আচ্ছা, তোর মনে আছে? আমরা যে ফোনে কথা বলতাম স্কুলে থাকতে? 
- হুম খুব মনে আছে।
- তুই আমাকে আই লাভ ইউ বলতি, মনে পড়ে?
- এহ্‌! খালি আমিই বলতাম, তুই মনে হয় বলতি না?
- হা হা হা! সেসব কথা মনে পড়লে আজো হাসি পায়।
- আসলেই।
- আচ্ছা, সত্যি করে একটা কথা বলবি?
- কি?
- আমাকে কি তুই ভালবেসে আই লাভ ইউ বলতি? নাকি দুষ্টামি করে?
- আজব! ভালবেসে বলতে যাবো কোন দুঃখে? ছেলে ছেলেতে ভালোবাসা হয় নাকি?
- তাই তো! আমিও যে কি সব বলছি!

সেই থেকে বুঝে গেলাম আমি যেটাকে ভালোবাসা ভেবে ভুল করে এসেছি এতোটা কাল, সেটা আসলে নিছক বন্ধুত্বের ছলে ফাজলামি ছিল আদনানের।
আস্তে আস্তে মন থেকে মুছে ফেললাম আদনানকে। তারপরই আমার জীবনে এলো Josh. এক রাশ ভালবাসায় সিক্ত করে তুলল আমার সমপ্রেমী জীবন।

• ০৩ 
ফেব্রুয়ারী ১৫, ২০১৪

আজ Josh আর আমার সম্পর্কের তিন বছর পুর্তি। ভালবাসা দিবসটা তাই আমার কাছে ১৪ই নয়, ১৫ই ফেব্রুয়ারী। এইদিনই প্রথম আর শেষবারের মত দেখেছি আমার মনের মানুষটাকে। Josh’র সেই এক কথা, “If you think it’s being difficult to carry on this relationship, just move on!” কিন্তু পারি কই? ওর এত্ত এত্ত ভালবাসা উপেক্ষা করার শক্তি তো আমার নেই। ঐ একটা ভিনদেশি মানুষ যদি আমাকে ভালবেসে এতোটা কাল একা থাকতে পারে, আমি কেন পারবো না? 

আমার জীবনের কাহিনীটা অনেকটাই অপর্না সেনের “জাপানিজ ওয়াইফ” সিনেমাটার মতো। আমি স্নেহময়, আর Josh যেন আমার মিয়াগি। স্নেহময়ের মতো আমার জীবনেও বিধবা চরিত্র “সন্ধ্যা” এসেছে, একবার নয়, অনেকবার। হাতছানি দিয়েছে কামের। কিন্তু স্নেহময়ের অদেখা আর অধরা স্ত্রী মিয়াগির মতো আমারো যে Josh আছে,যে কিনা অদেখা না হলেও এখনো অধরাই রয়ে গেছে আমার কাছে। একদিন হয়তো Josh আসবে এদেশে! নয়তো আমিই যাবো তার কাছে! অথবা আমরা দুজনেই দুজনের দেশ ছেড়ে এক সময় পাড়ি জমাবো নতুন কোন দেশের সন্ধানে! তাই মিলনের এক সম্ভাব্য আকাঙ্ক্ষা নিয়ে চালিয়ে যাচ্ছি আমার অন্তহীন প্রতীক্ষা। 

অদেখা ভবিষ্যত

অতীতের স্মৃতি, বর্তমানের সুখ-দুঃখ আর ভবিষ্যতের একরাশ স্বপ্ন ও প্রত্যাশা... 
এই নিয়েই আমাদের জীবন। 
তার মধ্যে ভবিষ্যৎ টাই আমাদের জন্য অনিশ্চিত। 
আমরা এর জন্য শুধু কামনা আর চেষ্টাই করতে পারি। কিন্তু পারিনা পরিপূর্ণ নিশ্চয়তা দিতে। 
যদি পারতাম ! তাহলে আমাদের অতীতটা শুধু সুখময় স্মৃতির, আর বর্তমানে দুঃখের কোন উপস্থিতিই থাকত না। 
তার পরেও মানব মনের অন্তরাল থেকে স্বপ্নের জাল বোনার কাজটাকে তো কেউ থামাতে পারেনি, পারবেও না। কিছু সিদ্ধান্ত আমরা আমাদের বর্তমানে নেই, যা অনেক সময় আমাদের হাজারো স্বপ্নে ঘেরা ভবিষ্যতকে এক জ্বালাময় অতীতের রূপ দেয়। আর তখন হাজার চাইলেও সেই ভুলকে সংশোধন করার ক্ষমতা আমাদের থাকেনা... 

আমি অলক... 
নেদারল্যান্ডের একটা LGBT সংস্থার হয়ে কাজ করছি গত বছর তিনেক যাবত। 
যেহেতু এখানে সমকামীদের অধিকার ও ভালবাসার ক্ষেত্রে তেমন কোন বাধা নিষেধ নেই ।
তাই এখানে ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে প্রায় শ’খানেক LGBT সংস্থা। যাদের প্রধান কাজ সমকামী, উভকামী ও ট্রান্সজেন্ডার দের মানসিক, সামাজিক ও শারীরিক ভাবে সচেতন ও সাহায্য সহযোগিতা করা। আমিও এমনি একটি সংস্থার সাথেই জড়িত। 
গত তিন বছরে বিভিন্ন জাতির কয়েক হাজার সমকামী ছেলে ও মেয়েকে দেখেছি। 
তাদের সাথে কথা বলেছি। 
তাদেরকে নানা ভাবে সহযোগিতা করার চেষ্টা করেছি। আর এদের মাঝে একটি জুটি... আমার সবচেয়ে প্রিয় ও সবচেয়ে স্পেশাল... নিলয় – স্বপন। 
নাম শুনেই বুঝতে পারছেন যে তারা বাঙালি। 
হ্যাঁ , আর এটাই ছিল আমার তাদের এত ভাল লাগার প্রধান কারন। 
আর তারাই আমাদের সংস্থার সাথে সপৃক্ত একমাত্র বাঙালি জুটি। 

আমি নিজে এখনো নিজের জন্য কাউকে পাইনি। 
তাই ওদের দেখলে আমার মনে হয় যেন ওদের মাঝে আমি নিজেকে খুজে পাই। 
ওদেরকে জানি প্রায় বছর খানেক হয়। 
আর এতদিনে ওদের সাথে সংস্থার বাইরেও খুব ভাল একটা সম্পর্ক হয়ে যায় আমার। 
আসলে ওদেরকে আমার নিজের পরিবারেরই একটা অংশ মনে হত। 
তাই ওদের খুঁটিনাটি কোন বিষয়ই আমার অজানা ছিলনা। 
নিলয় খুবই সম্ভ্রান্ত পরিবারের ছেলে। বছর চারেক আগে স্কলারশিপ নিয়ে এখানে আসে। 
আর এখানে আসার পর ফেসবুকের কল্যাণে স্বপনের সাথে পরিচয় হয় ওর। 
স্বপন মফস্বলের এক মধ্যবিত্ত পরিবারের ছেলে। 
ছোট বেলায় মা মারা গেলে বাবা দ্বিতীয় বিয়ে করে আলাদা হয়ে যায়। 
আর স্বপন তার চাচার ঘরে মানুষ হতে থাকে। 
কিন্তু চাচার বড় সংসার আর সল্প আয়ের পরিবারে স্বপন অনেক অবহেলায়ই বড় হয়। 
নিজেকে সব সময় একাই ভাবতে থাকে সে। 
আর খুজে বেড়িয়েছে এমন কাউকে যাকে সে নিজের আপনজন বলে দাবী করতে পারে। 
আর অদৃষ্টের ইশারায় একদিন নিলয়ের সাথে পরিচয় হয় তার। 
আর অল্পদিনেই তাদের মাঝে খুব ভাল বন্ধুত্ব হয়ে যায়। 
পরে একসময় তাদের বন্ধুত্ব ভালবাসায় রূপ নেয়... তাদের ভালবাসা ফেসবুকের বেড়ী পেরিয়ে, ফোনালাপ, স্কাইপ ইত্যাদিতে গিয়ে পৌছায়। 

কিন্তু তাদের সম্পর্কের মাঝে যেন কালের বাধা হয়ে দাড়ায় তাদের দূরত্ব। 
আর এই বাধাটি ভাঙার উদ্যোগটা নিলয়ই নেয়। 
নেদারল্যান্ডের কিছু বন্ধুর সহায়তা নিয়ে একসময় সে স্বপনকে তার কাছে নিয়ে আসে। 
আর এখানে আসার পরেই দুজন সামনা সামনি দাড়িয়ে একে অপরকে নয়... তাদের অপার ভালবাসার সার্থকতাকে দেখছিল। 
অবশেষে স্বপন খুজে পেয়েছিল তার আপনজনকে। 
যাকে নিয়ে সারাটি জীবন কাটিয়ে দেওয়ার স্বপ্ন দেখছে সে। 
অপরদিকে নিলয়ও তার বহুকাল জিয়িয়ে রাখা ভালবাসাকে কারো নামে উৎসর্গ করার আনন্দে আত্বহারা। ভালই কাটছিল তাদের ভালবাসার ছোট্ট সংসার। 
কিছুদিনের মধ্যেই স্বপন একটা চাকরির যোগাড় করে ফেলল। 
আর তার পরে তাদের সংসার আরো একটু বেশি সমৃদ্ধ হল। 
সকাল বেলা দু’জোড়া ঠোটের উষ্ণ ছোয়ায় ঘুম থেকে ওঠা। 
আয়নার সামনে দাড়িয়ে দাত ব্রাশ করার সময় থুতনিতে গুঁতো দিয়ে একে অপরকে হাসানো। 
বাথটাবে দুজন দুজকে জড়িয়ে ধরে চুপটি করে মাথা ডুবিয়ে রাখা। 
সকালের নাস্তা একে অপরের হাতে খাওয়া। 
লাঞ্চ টাইম আলাদা আলাদা হওয়ায় একজন না খেয়ে বসে থেকে একসাথে খাওয়া শুরু করা। 
আর খাওয়ার পুরো সময়টুকু ফোনালাপে একে অপরের সাথে মগ্ন থাকা। 
কাজ শেষে বাসায় ফিরে স্বপনের রান্না করে নিলয়ের পথ চেয়ে থাকা। 
দুজনে এক চাদরের নিচে শুয়ে কাল হো না হো , ভীর জারা বার বার দেখা। 
তখন স্বপনের অশ্রুসজল চোখ দুটো মুছে দিয়ে তাতে আলতো করে চুমু খেতে কখনো ভুলেনি নিলয়। বিনিময়ে নিলয়ের বুকের দুর্বা ঘাসবনে নিজের মাথাটি গুজে দিতেও ভুল করেনি স্বপন। 
তার পর দুটি টগবগে যৌবনদীপ্ত মানবের সবটুকু ভালবাসার বিনিময়ের মধ্য দিয়ে একটি নতুন দিনের পথে এগিয়ে যাওয়া... এই ছিল ওদের দৈনন্দিন কার্যলিপি। 

আর তার পরেই ঘটনা চক্রে আমি তাদের ছুটির দিনের মেহমান হয়ে গেলাম। 
ভালই লাগত যখন ওরা দুজন তাদের ভালবাসার গল্প আমাকে শোনাত। 
মনে মনে ভাবতাম কতটা ভাগ্যবান হলে কারো জীবনে এমন সুখ থাকতে পারে। 
জীবনে অনেক সমপ্রেমীর জীবনে মিলনের সেতুবন্ধন হয়েছি আমি। 
কিন্তু কখনো কারো ভালবাসাকে এতটা কাছ থেকে দেখিনি। 
ওদের ভালবাসা দেখে নিজেকে ওদের মাঝেই পরিপূর্ণ মনে হত। 
আর এই লোভেই বার বার ছুটে যেতাম ওদের ভালবাসার দ্বারে। 
কখনো কখনো ওদের মাঝে ছোট ছোট কিছু বিষয় নিয়ে ঝগড়া হলে, আমাকেই বিচারক হিসেবে মানত তারা। 
আর সমাধানের পর ওদের মুখ দেখলে আমার নিজেরই সন্দেহ হত, আসলেই কি ওদের মাঝে ঝগড়া হয়েছিল!! 

সময় গড়িয়ে যাচ্ছিল পানির স্রোতের মত। 
আর নিলয়-স্বপন ও ওদের ভালবাসার পানসি নায়ের দাড় টেনে যাচ্ছিল। 
হঠাৎ তাদের সামনে বিশাল এক ঘূর্ণিঝড় হয়ে দেখা দিল তাদের নিয়তি। 
তাদের স্বপ্নের ভবিষ্যতকে হতাশার কালো মেঘে ঢেকে দিয়ে পথ আগলে দাঁড়াল নিলয়ের শিকড়... তার মা বাবা। 
তারা নিলয়কে বিয়ে করার জন্য চাপ দিতে লাগল। 
নিলয় তাদের একমাত্র সন্তান। 
তাই নিলয়কে দেশে ফিরে গিয়ে বিয়ে করে সংসারী হবার জন্য নানা ভাবে বল প্রয়োগ করতে লাগল তারা। প্রথমে কিছুদিন তাদের বাহানা বানিয়ে রাখলেও এক সময় তাদের জেদের সামনে নিলয়ের চেষ্টা দুর্বল হতে লাগল। 
আর এদিকে যেন বাগানের সেরা ফুল দুটি মলিন হয়ে যেতে লাগল। 
স্বপনের এতটা আপন বলতে যেহেতু কেউ নেই তাই সে কারো ধার ধারে না। 
নিলয়ের সাথে ইহজীবন কাটাতে সে সর্বাগ্রে প্রস্তুত। 
কিন্তু নিলয় তার মা বাবাকে ছাড়তে পারবে না। 
আর তাই সে পড়ল অনেক বড় এক দোটানায়। 
এক দিকে তার ভালবাসা... অন্য দিকে বাস্তবতা... সে কোনটাই হারাতে চায়না। 
কিন্তু সেকি আর হয় বটে... একটাকে পেতে হলে অন্যটাকে যে বিসর্জন দিতেই হবে। 
ওরা যখন ব্যাপারটা আমাকে জানাল, তখন আমিও বাকশূন্য হয়ে গেলাম। 
জানি এখানে বাকশূন্য হওয়া আমার সাজে না। 
কারন এমন অনেকের সমস্যার সমাধান আমি করেছি।
কিন্তু তাদের ব্যাপার টা অন্য রকম ছিল। 
কারন তাদের সমাজ ও সংস্কৃতি আমাদের চেয়ে অনেক অনেক আলাদা। 
তাই আমি এখানে কি জবাব দেব বুঝিনি। 
আমি হয়ত পারতাম তাদের সব কিছু উপেক্ষা করে ভালবাসার পক্ষে থাকতে। 
কিন্তু আমার বিবেক আমাকে বাধা দিচ্ছিল। 
কারন যতই হোক বাবা মায়ের অবজ্ঞা করার বুদ্ধি আমি কাউকে দিতে পারিনা। আবার এদিকে মা বাবার কথা মানতে বললে একটা নিস্পাপ ভালবাসাকে গলা টিপে হত্যা করা হবে। 
যা করতে আমার মন আমাকে বাধা দিচ্ছিল। 
আর এ নিয়ে আমার মন আর বিবেকের মধ্যেই দ্বন্দের সৃষ্টি হল। 
তাই মন আর বিবেকের মাঝে মধ্যস্ততা করতে আমারে নীরবই থাকতে হল... 

এভাবে কিছুদিন চলতে থাকল। 
এরই মধ্যে আমি দুটি নিস্পাপ ফুলের ঝড়ে পড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছিলাম। 
আর এদিকে আমার নীরবতা নিলয় স্বপনকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল আমার অপরাগতা। 
হঠাৎ একদিন ওরা আমাদের সংস্থার চেয়ারম্যান ডঃ ফেন্সিন হ্যানরিকের সাথে দেখা করতে চাইল। 
এ কথা শুনে আমার চোখ গুলো বড় বড় হয়ে গেল। 
মনে হল আমার শরীরে ১১০০ ভোল্টের বিদ্যুতের শক লাগল। 
ফেন্সিনকে আমার চেয়ে ভাল আর কে চেনে। 
সে এ পর্যন্ত অনেকেরই এমন সমস্যার সমাধান করেছে। 
কিন্তু তার দেয়া বুদ্ধিতে এ পর্যন্ত অনেকের সম্পর্ক টিকে গেলেও ধ্বংস হয়েছে অধিকাংশের জীবন। 
তাই আমি নিলয় ও স্বপনকে বার বার নিষেধ করলাম ফেন্সিনের সাথে দেখা করতে। 
কিন্তু তারা মানতে নারাজ। স্বপন নিলয়কে ছাড়া থাকতে পারবে না। 
আর নিলয় স্বপন ও তার পরিবার উভয়কেই চায়। 
যেহেতু তারা আমার কাছ থেকে কোন সহযোগিতা পাচ্ছিল না, তাই তাদের সামনে ফেন্সিন ছাড়া আর কোন উপায় ছিলনা। 
তারপরের আমি যথাসাধ্য চেষ্টা করলাম। 
কিন্তু হঠাৎ একদিন নিলয় ও স্বপন আমার অগোচরেরই গিয়ে হাজির হল ফেন্সিনের অফিসে। 
আর তারপর... যা হবার তাই হল... সব কিছু শোনার পর ফেন্সিন তাদের ভালবাসা ও পরিবার উভয়কে অক্ষুণ্ণ রাখার জন্য স্বপনকে Reassignment surgery (লিঙ্গান্তর) করার করার পরামর্শ দিল। 
এতে সে স্ত্রী হয়ে সারা জীবন নিলয়ের সাথে থাকতে পারবে। 
ফেন্সিনের রুমের ওই ২০মিনিট ওদের আরো বড় এক ভাবনায় ফেলে দিল। 
ফিরে এসে যখন ওরা আমাকে জানালো তখন আমি ওদের অনেক আকুতি মিনতি করে বুঝালাম। 
নিলয়ও ব্যাপারটাকে ঠিক মেনে নিতে পারছিল না। 
তাই সেও এতে তার অমতের কথা জানালো। 
তাই এখন সব কিছু স্বপনের সিদ্ধান্তের উপর নির্ভর করল। 
কিন্তু স্বপন ফেন্সিনের অফিস থেকে আসার পর থেকেই কেমন জানি স্থবির হয়ে গেল। 
তার মুখ থেকে সে একটা শব্দও করছিল না। 
মনে হচ্ছিল সে অন্য কোন জগতে হারিয়ে গেছে। 
জানিনা সে আমাদের কথা শুনছিল কিনা। 

৩ দিন পর হঠাৎ সকাল বেলা নিলয়ের ফোন এল। 
সে আমার যত তাড়াতাড়ি সম্ভব তাদের বাসায় যেতে বলল। 
বুঝতেই পারছিলাম বড় কোন দুঃসংবাদ শুনতে যাচ্ছি আমি। 
তড়িঘড়ি করে গিয়ে পৌছালাম ওদের বাসায়। গিয়ে যা দেখলাম তাতে আমার সারা শরীর জমে আসছিল। পাথর হয়ে যাচ্ছিলাম আমি। 
১০তলার উপরে ওদের ছোট্ট ঘরের বিশাল জানালায় দাড়িয়ে আছে স্বপন। 
তার থেকেও প্রায় ১০ গজ দূরে ঘরের মাঝখানে বোবার মত দাড়িয়ে আছে নিলয়। 
আমাকে দেখেই জড়িয়ে ধরে অবুঝ শিশুর মত কাদতে লাগল নিলয়। 
ওকে একটু শান্ত করার পর জানতে পারলাম সকালে ঘুম ভাঙার পর স্বপন নিলয়কে জানায় সে লিঙ্গান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। 
একথা শোনার পর নিলয় রাজি না হলে স্বপন পাগলের মত আচরন করতে থাকে। 
এক পর্যায়ে সে জানালার উপরে উঠে পড়ে এবং শর্ত দিয়ে দেয় তার লিঙ্গান্তর করায় রাজি না হলে বা তার কাছাকাছি আসার চেষ্টা করলে সে এখান থেকে লাফ দিবে। 
অনেক বুঝানোর পরেও সে না মানলে নিলয় তার মা বাবাকে ত্যাগ করার কথা জানায়। 
কিন্তু তাতেও সে রাজি হয়নি। 
নিলয়কে শান্তনা দিয়ে আমি স্বপনকে বললাম, 
- স্বপন তুমি কি পাগল হয়ে গেছ? তুমি জানো Sex Reassignment surgery কতটা ভয়ংকর?
- আমি আর কিছু জানতে চাইনা অলক ভাইয়া। হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। কারন আমি নিলয়কে ভালবাসি। আর কতটা ভয়ংকর? কি হবে? বড়জোর মৃত্যু... আর নিলয়কে ছেড়ে আমাকে প্রতিদিন হাজার বার মরতে হবে। তার চেয়ে বরং একবারেই মরা ভাল... আমি অপারেশন করবই...
-স্বপন তুমি বোঝার চেষ্টা কর। নিলয় তোমার জন্য তার পরিবারকে ছাড়তে রাজি হয়েছে। তাহলে আর কি সমস্যা রইল? 
-না ভাইয়া এ হতে পারেনা। মা বাবা ছাড়া বেচে থাকা যে কতটা কষ্টের তা আমার চেয়ে ভাল আর কে জানে। আর আমি চাইনা আমার জন্য আমার নিলয় সেই কষ্ট ভোগ করুক। তাই এটাই বেস্ট আইডিয়া। এতে আমাদের সবারই মঙ্গল। যদি অপারেশন সাকসেসফুল হয় তাহলে আমরা সারা জীবন সুখে বাস করব। আর যদি আমি মারা যাই তাহলে নিলয় তার মা বাবার ইচ্ছায় বিয়ে করে সবাইকে নিয়ে ভাল থাকবে। তাই আমাকে সার্জারী করাতেই হবে... 

আমি আবার নির্বাক হয়ে গেলাম। মুখ থেকে কথা বের হচ্ছিলনা। 
কি বা বলব, স্বপনের ভালবাসার গভীরতা আর আবেগের কাছে আমার সব যুক্তি ছোট হয়ে যাচ্ছিল...
আর এদিকে নিলয় অন্যদিকে মুখ ঘুরিয়ে অঝোরে কাদছিল... 
অবশেষে স্বপনের জেদ আর ভালবাসার কাছে আমাদের হার মানতেই হল। 
আমরা রাজি হলাম সার্জারীতে। 
তখন দুচোখের অশ্রুকে চিরে স্বপনের মুখের হাসিটা দেখে মনে হচ্ছিল সে যেন পৃথিবীর সবচেয়ে দামী জিনিসটাকে অর্জন করল। 
হ্যাঁ দামি ই তো। 
নিজের ভালবাসার চেয়ে দামী আর কি হতে পারে এ জগতে? 
কিছুদিনের মধ্যেই নেদারল্যান্ডের কিছু বড় বড় LGBT সংস্থার সহায়তায় স্বপনের Reassignment surgery’র প্রস্তুতি শেষ হল। 
অপারেশনের দিনও ঠিক হয়ে গেল। 
অপারেশনের আগের রাতে শেষ বারের মত নিলয় স্বপনকে তার নিজের রুপে কাছে পেল। 
এর পরে সে আর এ স্বপনকে দেখবে না। 
তখন তার ভালবাসার রাজকুমার স্বপন তার সামনে রাজকুমারীর রুপে আসবে। 
জানিনা ওই রাতটা তাদের কেমন কেটেছিল। আর জানতেও চাইনা। 
অপারেশন শুরু হবার আগ মুহূর্তে স্বপন শেষ বারের মত নিজেকে আপন রুপে দেখল। 
ছুয়ে দেখল নিজের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ। 
আর শেষ বারের মত বুকে টেনে নিল নিলয়কে। কান্নায় ভেঙ্গে পরছিল নিলয়। 
কিন্তু সেই তুলনায় স্বপনকে অনেকটা শক্তই মনে হচ্ছিল। 
আসলেই ভালবাসা কখনো কখনো মানুষকে এতটা শক্ত করে তুলে যা ধারনা করা যায়না... 

টানা ১৮ ঘণ্টা যাবত পর্যায়ক্রমে চলছিল অপারেশন। 
অপারেশনটি কয়েকটা ধাপে হচ্ছিল। 
আর প্রতিটা ধাপে তার শরীরের একেকটা অংশের সার্জারী করা হচ্ছিল। 
১৮ ঘণ্টা পরে যখন শুনলাম অপারেশন শেষ হয়েছে এবং স্বপন সুস্থ আছে তখন অনেকটা স্বস্তি পাচ্ছিলাম। কিন্তু ডাক্তারের নির্দেশ মোতাবেক ৭২ ঘণ্টার আগে আমরা কেউ স্বপনের সাথে দেখা করতে পারলাম না। এই ৭২ ঘণ্টা নিলয়কে দেখে আমার খুব আফসোস হচ্ছিল। 
আসলেই কি কেউ কাউকে এতটা ভালবাসতে পারে এ জগতে! 
সত্যি আমার জীবনে অনেক বড় একটা ইতিহাস তৈরি করে দিল এ যুগল... 
৭২ ঘণ্টা পরে যখন আমরা স্বপনকে দেখতে গেলাম তখন আমি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। 
এ কি দেখছি আমি। 
হাসপাতালের বেডে যেখানে স্বপনের থাকার কথা সেখানে শুয়ে আছে অপরুপ সুন্দরী এক যুবতী। 
যার সাথে স্বপনের কোন মিল খুজে পাচ্ছিলাম না আমি। 
একবার নিলয়ের দিকে তাকিয়ে দেখলাম তাকে খুব স্বাভাবিকই মনে হচ্ছে। 
স্বাভাবিক ভাবেই সে স্বপনের পাশে গিয়ে বসল। 
যেন সে তার আগের স্বপনকেই দেখছে। 
আমি কিছুটা অবাক হলাম নিলয়ের আচরনে। 

সে স্বপনের পাশে বসে বলল, 
-এখন কেমন লাগছে স্বপন?
-আমি স্বপন না! স্বপন তো সেই কবেই মরে গেছে। আমি স্বপ্না। নিলয়ের হবু স্ত্রী। 
কথাটি শুনে আমি যেন বোকা বনে গেলাম। 
আমি কি এই দুনিয়ায় আছি? এ কি দেখছি আমি। 
স্বপন নামের সেই তরতাজা যুবকটির মুহূর্তের মধ্যে স্বপ্না হয়ে যাওয়া। 
যেন স্বপন নামের কেউ ছিলই না কখনো। 
আসলেই নিত্য নতুন প্রযুক্তির কত খেলাই না দেখা বাকি আছে আমাদের... 
স্বপন ওরফে স্বপ্নার পুরোপুরি সুস্থ হতে মাস দুয়েক সময় লাগল। 
আর এ সময়টা হাসপাতালে তার সেবায় নিজেকে পুরোপুরি ব্যস্ত করে রেখেছিল নিলয়। 

পরে যখন স্বপ্নাকে নিয়ে সে ঘরে ফিরল তখন তাকে দেখে আরো একবার অবাক হতে হল আমাকে। কোমর অব্দি লম্বা চুল। 
আর শারীরিক গঠনে এক পরিপুর্ন নারী। 
দেখে বোঝার উপায় নেই এই স্বপ্নাই কদিন আগে স্বপন ছিল... 
এদিকে নিলয় তার মা বাবাকে জানিয়ে দিল সে এখানে এক অনাথ বাঙালি মেয়েকে ভালবেসে বিয়ে করে ফেলেছে। 
তার মা বাবা এতে কোণ বিরোধিতা করলনা। 
তারা নিলয়কে বউ নিয়ে দেশে যেতে বলল। 
অতঃপর আমরা নিলয়-স্বপ্নাকে তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনার সাথে বিদায় জানালাম। 
ওরা চলে গেলেও আমার সাথে নিয়মিত যোগাযোগ হত। 
শুনলাম নিলয়ের মা বাবা স্বপ্নাকে অনেক ধুমধামের সাথেই বরন করে নিয়েছে। 
এবং দেশীয় নিয়মে তাদের বিয়ে করানো হয়েছে। 
খুব সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে তারা। 
এসব শুনে নিজেকে অনেকটা হালকা মনে হচ্ছিল। 
মনে মনে ভাবালাম যাক শেষ পর্যন্ত আমার প্রিয় জুটির মধুর মিলন হয়েছে... 
ভেবে নিজে অনেক শান্তি পাচ্ছিলাম। 

নিলয় স্বপ্নার গল্পটা এখানেই শেষ হলে পারত। 
কিন্তু আমরা মানুষেরা নিজেদের গল্প যতই নিজেরা লেখার চেষ্টা করিনা কেন, বিধাতা তার লিখন অনেক অগেই লিখে রেখেছেন... 
নিলয় স্বপ্নার বিয়ের ১ বছর হয়ে গেছে... 
ইদানিং আমিও খুব বেশি ব্যস্ত হয়ে গেছি তার কারনে অনেকদিন হল নিলয় আর স্বপ্নার খোজ নেওয়া হয়না। 
তাছাড়া কয়েক বছর হল দেশে যাইনা। 
তাই কিছু দিনের ছুটি নিয়ে দেশে গেলাম। 
নিলয়দের ঠিকানাটা জানা ছিল। 
তাই ওদের সারপ্রাইজ দেওয়ার জন্য না জানিয়েই ওদের বাড়িতে গিয়ে উঠলাম। 
আমাকে দেখে ওরা দুজনেই খুব খুশি হল। 
পরে ওদের পরিবারের সবার সাথে পরিচিত হলাম। 
তবে আমি বার বার স্বপ্নাকে দেখে খুব অবাক হচ্ছিলাম। 
যে মেয়েটি আজ এই পরিবারের সকল আশার প্রদীপ জ্বালিয়ে আলোকিত করে রেখেছে সারা পরিবারকে, এই কদিন আগেও তার পরিচয় একটি ছেলে হিসেবেই ছিল। 
আর এ সত্য আমরা ৩ টি মানুষ ছাড়া আর কেউ জানেনা। 
২দিন ওদের সাথে থাকার পরেই আমি কিছু জিনিস লক্ষ করলাম। 
নিলয় আর স্বপ্নার মাঝে একটা অভুতপূর্ন মানসিক পরিবর্তন আমার চোখে পড়ল। 
বুঝতে পারছিলাম এমন একটা কিছু আছে যা ওরা দুজনেই আমার কাছে ও পুরো দুনিয়ার কাছে লুকিয়ে বেড়াচ্ছে। 
কিন্তু কি সে ব্যাপার যা ওরা আমার কাছে গোপন রেখেছে! 
ভাল করে লক্ষ করার পর আমার সন্দেহ চরমে গিয়ে পৌছাল... 
তাই তাদের দুজনকে গোপনে ডেকে জিজ্ঞেস করলাম। কি সেই গোপনীয়তা। 
শুরুতে এড়িয়ে যেতে চাইলেও পরে তারা মুখ খুলতে বাধ্য হল। 
আর যা শুনলাম তা বলার মত ভাষা আমার জানা নেই। 
তবে ওদের মুখের কিছু কথা যা না বলে পারছিনা। 
নিলয় বলল, -আমি সমকামী। 
কখনো কোন মেয়ের মাঝে সেই সৌন্দর্য আমি খুজে পাইনি যা আমি একটা ছেলের মাঝে পেয়েছি। 
আর আমার সারাজীবনের সবটুকু ভালবাসা দিয়েই ভালবেসেছি স্বপনকে। যে ছিল আমার সবকিছু। 
কিন্তু ঘটনাক্রমে যখন স্বপন স্বপ্না হয়ে গেল তখন সব মেনে নিয়েছি নিজের ভালবাসার টানে। 
ভেবেছি নিজের ভালবাসাকে বাচানোর আর কোন রাস্তা নেই। তাই করলাম। ভালই যাচ্ছিল। 
কিন্তু দিন দিন যখন আমার কাছে মানসিক ভাবে অনুভব হতে লাগল যে এ স্বপন নয়। 
এ স্বপ্না। 
সে একজন মেয়ে... 
এতে আমি ধীরে ধীরে ওর প্রতি আগ্রহ হারাতে থাকি। 
আর এখন আমি ওকে আর স্বপন ভাবতে পারিনা। 
আমার ভালবাসার মানুষ ভাবতে পারিনা। 
কি করব আমি এখন? অ
পরদিকে স্বপ্না বলল, -আমি বুঝতে শেখার পর থেকে এমন কাউকে কাছে পাইনি যাকে নিজের আপনজন বলে দাবী করতে পারি। 
জীবনের ২১ বছর একাকিত্বের বোঝা তানার পর আমি নিলয়কে পেলাম। 
ও আমাকে বুঝতে শিখিয়েছে ভালবাসা কি। 
আপনজনের ভালবাসা কি। 
মায়া মমতা কি। 
তাই আমার কাছে নিলয়ই আমার পৃথিবী। 
নিলয়ই আমার সব। 
তাই আমি আমার ভালবাসার পৃথিবীকে হারিয়ে আবার একা হয়ে চাইনি, আর চাইনি ওকেও ওর আপনজনের থেকে আলাদা করতে। 
তাই এ সিদ্ধান্ত নিয়েছিলাম আমি। 
কিন্তু আজ আমি আমার নিজের সিদ্ধান্তের কাছেই পরাজিত। 
নিজের ভুল সংশোধন করার কোন রাস্তা আমার নেই। 
আমি এখন কি করব??? 
ওদের এই প্রশ্ন দুটো আমাকে আবারো নির্বাক করা দিল। 
আমার মনে আবারো প্রশ্ন জেগে উঠল, আমি এখন কি জবাব দেব? 



জানি এই প্রশ্নেরও কোন জবাব আমার কাছে নেই। 
বাকহীন ভাবে সেখান থেকে চলে এলাম। 
আর নিজেকে ধিক্কার দিতে লাগলাম। 
যে আমি হাজারো মানুষের জীবনকে তাদের ভালবাসায় ভরিয়ে দিয়েছি। 
সেই আমি আজ আমার সবচেয়ে প্রিয় মানুষ দুটির জন্য কিছু করতে পারলাম না। 
নিজের উপরে ঘৃনা জন্মে গেল। 
কাল আমার ফ্লাইট নেদারল্যান্ডে। 
কিন্তু আমি আর ফিরে যাবনা। 
ফিরে যাবনা আর ওই জীবনে যে জীবনে ভালবাসার মানে শুধু বর্তমান। 
নেই কোন ভবিষ্যতের সম্ভাবনা। 
একটি ভুল সিদ্ধান্ত যেখানে কেড়ে নেয় সবকিছু। 
আমি চলে যাব অনেক দূরে। 
নিলয় আর স্বপ্নার থেকে অনেক দূরে। 
যেখানে গেলে ওদের শেষ পরিনতি আর দেখতে হবেনা আমাকে। 
আর দেখতে চাইও না। আমি সইতে পারব না। 
থাকুক ওরা আমার জন্যে আমার Unseen Future হয়ে...

প্রাঙ্গণে প্রণয়

আচ্ছা এতো রাত পর্যন্ত ফেসবুকে কার সাথে এতো চ্যাট করিস ইরাদ ভাইয়া? 
ইরাদ হচ্ছে আমার খালাত ভাই, আমাদের এখানেই থেকে লেখাপড়া করে। আমার থেকে বছর দেড়েকের বড় হবে। তবে সম্পর্ক বন্ধুর মতই। আমরা এক রুমেই আলাদা আলাদা খাটে থাকি। 
-হ, খালি আমি ফেসবুকে থাকি আর তুই কই থাকিস বল দেখি? সদরঘাটে? 
হায় হায় ইরাদ ভাইয়ার কথায় মনে পড়ছে, পলাশ এতক্ষণ ধরে অনলাইনে অপেক্ষা করছে। পলাশের সাথে আমার ফেসবুকে পরিচয় একমাস এখনো হয়নি। আমরা একই শহরে থাকি। তবে এখনও কেউ কাউকে দেখিনি এমনকি ফোনেও কথা বলিনি। তবে সে যে আমাকে পছন্দ করে সেটা আমি আকারে ইঙ্গিতে বুঝতে পারি বাট আমি যে সেটা বুঝতে পারি বা পেরেছি সেটা তাকে কখনও বুঝতে দেইনা। ফেসবুকে লগইন করে দেখি ইনবক্সে পলাশের মেসেজে ভরে আছে। 
-হাই, স্যরি লেট হয়ে গেল 
-আসার কি দরকার ছিল? না আসলেই পারতে >-< 
-ওরে বাবুটা, রাগু রাগু করেছ? 
-ঢং করবা নাতো, আরে শুনই না বাসায় কি হইছে, আমাদের কাজের মেয়েটার হাত কেটে গেছে পেঁয়াজ কাটতে গিয়ে। ওরে নিয়া বাসার পাশের ফার্মেসীতে গিয়েছিলাম ব্যান্ডেজ করাতে সেই জন্যইতো এতো লেট হইছে। 
-ওহ তাই বল।(নিজের মিথ্যা বলার প্রতিভায় নিজেই মুগ্ধ হলাম) 
-কি হল শিমুল, চুপ কেন? বিজি? 
-না বিজি না, নেট প্রবলেম। 
আবারও মিথ্যা, আমি খেয়াল করছি ফেসবুক ব্যবহারের পর থেকে আমার দিনদিন মিথ্যা বলার হার আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। 
-শিমুল বল 
-দেখা করবেনা? 
-করব, তবে সেটা আরও কিছুদিন পরে। 
-তোমার নাম্বারটা দাওনা শিমুল। খুব কথা বলতে ইচ্ছা করছে। 
-উফফ তোমাকে কত করে বুঝালাম যতদিন না আমরা সরাসরি দেখা করছি ততদিন কেউ কারও ছবি এমনকি কণ্ঠস্বরও শুনবনা। যখন সরাসরি দেখা করতে যাব তখন দেখবে এবং শুনবে। অন্যরকম একটা থ্রিল ফিল হবে তখন। 
-তোমাকে খুব দেখতে ইচ্ছে করে যে! 
-দেখবেতো, আমি কি না করছি দেখা করবনা । আচ্ছা আমাকে দেখে যদি তোমার ভাল না লাগে তখন কি করবে? আমিতো সুন্দর না 
-আমি কি বলেছি তোমাকে সুন্দর হতে হবে, মন সুন্দর হলেই চলবে 
-বহুল প্রচলিত চ্যাট ডায়ালগ মারলা পলাশ 
-বহুল প্রচলিত হোক আর সদ্য ভূমিষ্ঠ ডায়ালগই হোক এটা কিন্তু আমার মনের কথা। 
-তাই, খুব ভাল। এবার যেতে হবে। 
-এতো তাড়াতাড়ি? 
-ওমা সকালে ক্লাস আছেতো 
-আচ্ছা, শুভ রাত্রি সোনা 
-শুভ রাত্রি। 

ইদানীং মাঝে মাঝে পলাশ আমাকে সোনা বলে ডাকে। আমি এখনও সোনা ডাকিনি তবে ওর মুখ থেকে ডাকটা শুনতে খারাপ লাগেনা। মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি হয়। পাশের বিছানায় ইরাদ এখনও মোবাইল টিপছে। আচ্ছা ইরাদ ভাইয়া তুই দিনে কয়টা মিথ্যা বলিস? 
-আমি মিথ্যা বলিনা 
-ফেসবুকেও বলিসনা? 
-না 
-আমাকেতো মিথ্যা দিয়াই আলাপ শুরু করতে হয়। 
-কিরকম? 
-যেমন কেউ জিজ্ঞাসা করল আজ কি দিয়া ডিনার করেছ, আমি বানিয়ে বানিয়ে ভাল ভাল ৩/৪টা আইটেমের নাম বলে দেই। 
-মিথ্যা বলার দরকার কি? যা খেয়েছিস তাই বললেইতো হয়। 
-হ আজকে আলু ভর্তা, ডাল, পেঁপের তরকারী দিয়া খেয়েছি। এগুলো যদি বলি তাইলে আমার প্রেস্টিজ থাকবে? 
-থাকবেনা কেন? 
-তোকে বুঝাতে পারবনা 
-ওকে আমাকে আর বুঝাতে হবেনা, এবার ঘুমা। 



পরদিন রাতে আবার যথারীতি সেই চ্যাট, কি ব্যাপার আজ পলাশ আসছে না যে। ওকে অনেকগুলা মেসেজ দিয়া রাখলাম। তার অনলাইন আক্টিভেশন দেখলাম 10hours ago অর্থাৎ দুপুরের পরে আর ফেসবুকে ঢুকে নাই। এদিকে বাসায় এসে শুনি ইরাদ ভাইয়াও তার বাড়ি গেছে কি একটা জরুরি কাগজ আনতে কাল আসবে। খুব একা একা লাগছে। পলাশের জন্য দুশ্চিন্তাও হচ্ছে। বারবার নিজেকে নিজেই দোষ দিচ্ছি কেন পলাশের নাম্বারটা রাখলাম না। এতো নাটকীয়তা না করলেই হত। এই প্রথম আমি বুঝলাম আমি কাউকে ফিল করছি। কারও জন্য আমার মনে অন্যরকম একটা কষ্ট হচ্ছে। আমি পলাশকে ভালবেসে ফেলেছি নাকি? মাত্র একমাসেই? যে ছেলে দিনের পর দিন আমার পাশের বিছানায় থেকেছে।যার সাথে গল্প করে করে প্রতিদিন ঘুমাই তার কথা আমার একবারও মনে পড়ছেনা। আমার মনে পড়ছে মাত্র একমাসের প্রায় অচেনা এক ছেলেকে। একেই কি ভালবাসা বলে? বারবার চ্যাট লিস্ট রিফ্রেশ করছি এই বুঝি পলাশের কাছ থেকে মেসেজ এল কিন্তু না পলাশের কোন মেসেজ এলোনা। পরদিন বিকেলে ফেসবুকে গিয়ে দেখি পলাশ মেসেজ দিছে 
'সোনা আমি একটা ঝামেলায় পরে গেছিলাম তাই তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। রাতে কথা হবে'। 

মেসেজটা দেখে মনে হল আমি আমার বুকের উপর থেকে প্রকাণ্ড একটা পাথর সরে গেছে। সন্ধ্যায় বাসায় এসে দেখি ইরাদ ভাইয়াও চলে এসেছে। আজকে আমি নির্দিষ্ট সময়ের আগেই অনলাইনে বসে আছি। পলাশ এসে হাই বলার সাথে সাথেই আমি অন্য কোন কথা না বলেই বললাম আমি তোমার সাথে দেখা করতে চাই। 
-এতদিনপর তোমার মনে দয়া হল দেখি এই অধমের। 
-জন্য ফাজলামি রাখ পলাশ, আমি সিরিয়াস। 
ইরাদ ভাইয়াকে জিজ্ঞাসা করলাম পরশু কি বার। সে বলল শুক্রবার। পরে আমি পলাশকে বললাম আগামী শুক্রবার অমুক রেস্টুরেন্টের অত নাম্বার টেবিলে ঠিক বিকেল ৫টায় থাকবে। যে আগে যাব সে গিয়ে ওই টেবিলে বসব। সে বলল যদি গিয়ে দেখি ওই টেবিল খালি নাই তখন? খালি থাকার সম্ভাবনাই বেশি কারণ ওই রেস্টুরেন্টে খুব একটা ভিড় থাকেনা তারপরও যদি খালি না থাকে তাইলে এর পাশেরটায় বসবে। পরদিন ইরাদ ভাইয়াকে নিয়ে মার্কেটে গেলাম পলাশের জন্য টিশার্ট কিনতে কারণ আমার পছন্দের উপর আমার মোটেও ভরসা নাই। তাকে বললাম আমার এক ফ্রেন্ডের জন্য একটা টিশার্ট কিনব শুনে সে বলল সেও নাকি তার কোন এক ফ্রেন্ডের জন্য একটা গিফট কিনবে। ভালই হল একসাথে কিনা যাবে। ইরাদ যেটাই পছন্দ করে সেটাই আমার বাজেটের বাইরে গিয়ে পরে। বিরক্ত হয়ে ওরে বললাম,টাকা কি নদীর জল দিয়া ভেসে আসে, এতো দাম দিয়া গিফট দিব। এই নে টাকা, এই টাকার মধ্যে একটা পছন্দ করে দে। শেষমেশ টিশার্ট একটা কিনা হল আর তার বন্ধুর জন্য সে ক্রিস্টালের একটা তাজমহল কিনল। ওরে ঠাট্টা করে বললাম কিরে মেয়ে বন্ধু নাকি একেবারে তাজমহল দিয়ে দিচ্ছিস? সে হেঁসে উড়িয়ে দিল। 

শুক্রবার বিকেল ৪টা থেকে স্মরণকালের সর্বোচ্চ মাঞ্জা মেরে সাড়ে ৪টার দিকে বাসা থেকে বের হলাম। ভাগ্যিস ইরাদ ভাইয়া বাসায় ছিলনা নইলে কি মনে করত কে জানে। বিকেল ৫.১৫মিনিটে নির্দিষ্ট রেস্টুরেন্টের নির্ধারিত টেবিলে তাকিয়ে দেখি একজন আমার দিকে পিঠ করে বসে আছে। আমার বুকের ধুকধুকানি বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে লোকটা আমার পরিচিত অবশ্য পিছনদিক থেকে দেখলে আমার সবাইরেই পরিচিত মনে হয়। একবার এক মহিলাকে পেছন দিক থেকে দেখে আম্মু ভেবে যা এক কেলেঙ্কারি সৃষ্টি হয়েছিল সেটা না বলাই ভাল। ধুকধুক বুক নিয়ে টেবিলের দিকে এগিয়ে যাচ্ছি।আমার মনে হচ্ছে আমার পা চলছেনা, হার্টবিট বেড়ে যাচ্ছে। কোনমতে টেবিলের সামনে গিয়ে হাই বলে যার মুখের দিকে তাকালাম তাকে দেখে আমার বেড়ে যাওয়া হার্টবিট মনেহয় একেবারেই বন্ধ হয়ে গেছিল।

একমাস পর... 
আমাদের দৈনন্দিন জীবনধারায় সূক্ষ্ম একটা পরিবর্তন এসেছে। আমাদের মানে আমার আর ইরাদের। যেটা আমি আর ইরাদ ছাড়া আর কেউ জানেনা। যেমন- আগে আমরা ঘরের দরজা খুলে ঘুমাতাম আর এখন দরজা ভেতর থেকে লাগিয়ে ঘুমাই। আমাদের আর এখন দুই বিছানায় দুটা মশারি টানাতে হয়না,যেকোন একটাতেই টানালেই হয়। সিঙ্গেল খাটে আমার আর ইরাদের দিব্যি জায়গা হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে আমি ওর বুকেই ঘুমাই। এখন আর আগের মত নির্দিষ্ট টাইমে কেউ ফেসবুক নিয়ে পড়ে থাকিনা কারণ যার জন্য ফেসবুকে যাওয়া তাকে এখন হাত বাড়ালেই ছোঁয়া যায়। কিছুদিন আগে ইরাদের সাথে ঝগড়া এক রাতে আমাকে অন্য মশারি টানাতে হয়েছিল। ওই খাট থেকে ইরাদ আমাকে ঐসময় চ্যাটে যেভাবে নক করত ঠিক সেভাবে মুখে হাই বলে যাচ্ছে।আমি কোন উত্তর দিচ্ছিনা। শেষে বিরক্ত হয়ে ধমক দিয়ে ওরে হাই বললাম। আমার ধমকে সে আরও দিগুণ উৎসাহে দ্বিতীয় প্রশ্ন করল। 


-এতো লেট করে আসলা যে, কাজের মেয়ের হাত কেটে গেছিল? 
আমি আর রাগ ধরে রাখতে পারলামনা, হেসে দিলাম। আমি অবশ্য এমনিতেই ওর উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারিনা। এভাবেই চলছে আমাদের মিষ্টি মিষ্টি খুনসুটি আর ভালবাসা। 
 
^ মাথায় ওঠ